শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বার কাউন্সিলের সদস্য নির্বাচন ১৯ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

বার কাউন্সিলে সদস্য নির্বাচন ১৯ মে
বাংলাদেশ বার কাউন্সিল। ছবি: ইন্টারনেট

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্য সদস্যরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এডহক কমিটির মাধ্যমে এতদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এবার দীর্ঘ বিরতির পর সদস্য নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো।

এমআর/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর