রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। মতিঝিলের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি।
গ্রেফতাররা হলেন— মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও এক শিশু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে চার রোহিঙ্গা সদস্যকে আটক গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে মানব পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এতে আরও জানানো হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
একেএস/এএস

