বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নতুন যানবাহন কেনা যাবে না, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

নতুন যানবাহন কেনা যাবে না, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন কেনা বন্ধ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি সম্পর্কে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।

নাসিমুল গনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সাত ঘণ্টা করা হয়েছে। একই সময়সূচি সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এ ছাড়া সামাজিক অনুষ্ঠানেও বিদ্যুৎ ব্যবহার সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে আলোকসজ্জা না করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।


বিজ্ঞাপন


এদিকে, শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে এ নির্দেশনা কার্যকর করা হবে বলে জানান তিনি।

এর আগে রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি রাত সাড়ে ১১টায় শেষ হয়।

এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর