সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন, প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
এসময় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।’
তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।
ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কারণে মূল্যস্ফীতির শঙ্কা নেই। এতে উল্টো প্রান্তিকের অর্থনীতি সচল হবে। আগামী ৩ মাসে আরও ৩০ হাজার ও ৪ বছরে আরও ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’
বিজ্ঞাপন
সংসদের আজকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। এই সময়ের মধ্যে তিনি সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন।
এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন।
প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন, বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তী সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
এএইচ

