বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী
সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

আগামী চার বছরের মধ্যে দেশব্যাপী চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবার এ কর্মসূচিতে যুক্ত হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই দায়িত্ব বাস্তবায়নে আধুনিক ও ডিজিটাল কাঠামোভিত্তিক একটি উদ্যোগ। এর লক্ষ্য বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন। তিনি বলেন, ব্যক্তি নয়, পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করা হচ্ছে এই কর্মসূচিতে।

আরও পড়ুন: সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু থাকলেও দারিদ্র্য হ্রাস ও পুষ্টি–স্বাস্থ্যের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পরিবারের নারী সদস্যের হাতে সহায়তা পৌঁছালে তা খাদ্য, পুষ্টি, চিকিৎসা ও শিক্ষায় বেশি ব্যয় হয়। এ কারণে ফ্যামিলি কার্ড নারী প্রধান সদস্যের নামে দেওয়া হচ্ছে। এতে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা জোরদার হবে।

তারেক রহমান বলেন, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার তিন সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়া হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে এ কর্মসূচি সম্প্রসারণ করে আগামী চার বছরে চার কোটি পরিবারকে এর আওতায় আনা হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর