চলতি মাসে (এপ্রিল) ঝিনাইদহের শৈলকূপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পানিসম্পদ মন্ত্রী।
বিজ্ঞাপন
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবো সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মেইন কাজটা হলো যে ১৮০ দিনের কার্যক্রম, কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি, সেটি কবে নাগাদ আমরা চলমান বা দৃশ্যমান করবো, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে।’
অনেকগুলো নদী এরইমধ্যে মরে গেছে, দখল হয়ে গেছে। সেগুলো উদ্ধারে আপনারা বিশেষ কী উদ্যোগ নিচ্ছেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এর সঙ্গেই সবকিছু জড়িত। কারণ ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাবো, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলো বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ্য-আবর্জনা এখানে স্তূপ হয়ে আছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেজন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি, যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সে টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী যে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যা যা করা দরকার সমন্বিতভাবে সেটাকে সমাপ্ত করবো ইন শা আল্লাহ।’
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা আলোচনা তো আমরা প্রায় মিটিং করি। সেটা খুবই সর্ট মিটিং এবং এটা টেকনিক্যাল পর্যায়ে, কারিগরি এক্সপার্ট যারা আছেন তারা কীভাবে কাজ করবেন তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনও অ্যাড্রেস করার মতো পজিশন হয়নি। তবে আমরা এই কাজ অব্যাহত রেখেছি, এটা আমাদের নিয়মিত মিটিং চলছে, রুটিন ওয়ার্ক আমাদের কন্টিনিউ হচ্ছে।’
বিজ্ঞাপন
ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গা চুক্তি ৩০ বছর মেয়াদি। এ মেয়াদ কিন্তু ডিসেম্বরে শেষ হবে। এ ইস্যুতে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, এই ব্যাপারে আমাদের রুটিন ওয়ার্ক চলছে।’
বিইউ/এমআই

