রাজধানীর মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজ উন্নয়ন প্রকল্প (আইডিআরআইএসপি)-এর আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) মিরপুর-১০ ফলপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন প্রশাসক।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণ করা হবে। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, প্রকল্পের কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন কাজের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি সবাইকে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত রাখার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান।
প্রশাসক বলেন, একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় রোধে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। প্রতিদিন কাজের অগ্রগতি তদারকি ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে বেগম রোকেয়া সরণি এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতা কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএইচ/এআর

