ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতা বা জলজটের জন্য ৩৩টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩টি হটস্পট রয়েছে অঞ্চল–২–এ। এ অঞ্চলে মতিঝিল ও আশপাশের এলাকাগুলো অন্তর্ভুক্ত।
এরপর অঞ্চল–১–এ ৮টি হটস্পট রয়েছে। এই অঞ্চলে রাজধানীর ধানমন্ডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। তবে অঞ্চল–৩, ৪ ও ৫–এ কিছু হটস্পট থাকলেও অঞ্চল–৬, ৭ ও ৯–এ কোনো হটস্পট চিহ্নিত করা হয়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সেগুনবাগিচায় জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
এসব হটস্পট চিহ্নিত করে জলাবদ্ধতা দূরীকরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২৪টি খাল, ৪টি বক্স কালভার্ট ও ওয়ার্ডভিত্তিক নর্দমা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
পরে ডিএসসিসি থেকে ওই জলাবদ্ধতার হটস্পটের একটি তালিকা পাওয়া যায়। তালিকা অনুযায়ী স্থানগুলো হলো—ধানমন্ডি ২৭ (রাপা প্লাজা), গ্রিন রোড (রূপায়ণ টাওয়ার), নিউ মার্কেট (হকার্স মার্কেট ও সাইকেল স্ট্যান্ড), নায়েম গলি (ঢাকা কলেজের পাশে), ইস্কাটন গার্ডেন রোড (নেভি কলোনি), পলাশী (এসএম হলের সামনে), পিজি হাসপাতালের সামনে (সাকুরা হোটেলের নিকটবর্তী)।
এ ছাড়া ঢাবি মোকাররম ভবনের সামনে (ওয়াসা অফিস সংলগ্ন), পশ্চিম মালিবাগ সম্পূর্ণ, খিলগাঁও ফ্লাইওভার থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার, আনন্দ বেকারি, মানিকনগর টিটিপাড়া পাম্পের সামনে, টিটিপাড়া ট্রাক স্ট্যান্ড, মুগদা মেডিকেলের সামনে, গুদারাঘাট নৌকাপাড়ের সামনে, গোপীবাগ বড় মসজিদের সামনে, চানমারী মোড় (শাহজাহানপুর মোড়)।
বিজ্ঞাপন

পাশাপাশি কমলাপুর রেলস্টেশনের বিপরীতে সামিয়া হোটেলের সামনে, শাপলা চত্বরের উত্তর-পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে, নটরডেম কলেজের সম্মুখে, সবুজকানন ১ম, ২য় ও ৩য় গলি।
তালিকায় আরও রয়েছে—মালিবাগ ১ম লেন, শান্তিবাগ ১৭ নম্বর গলি, শান্তিনগর (হক বেকারির সামনে), পল্টন, দৈনিক বাংলা, ফকিরাপুল, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে, বোর্ড অফিস ও বুয়েট কোয়ার্টার, ঘোষপট্টি, আগা সাদেক রোড (বাংলাদেশ মাঠ সংলগ্ন)।
এ ছাড়া মাজেদ সরদার রোড, সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন, অভয় দাস লেন, কালেক্টর গলি, ১২ নম্বর গলি, আলমবাগ, পশ্চিম জুরাইন ও মুন্সিবাড়ি, পাইপ রাস্তা, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে করাতিটোলা জিয়া সরণি রোড এলাকা জলাবদ্ধতা বা জলজটের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে ডিএসসিসি।
এএম/এআর

