জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর একটি ব্যতিক্রমধর্মী ঘটনার মুখোমুখি হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে এমপি হানজালা লিখেছেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটি মজার ঘটনা ঘটে গেছে। নামাজ শেষে এসে দেখেন—তার নিজের জুতাটি আর সেখানে নেই, বরং অন্য একটি জুতা এসে জায়গা করে নিয়েছে।
বিজ্ঞাপন
তিনি ধারণা করেন, হয়তো কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং তার জুতাটি অন্য কারও পায়ে চলে গেছে। ঘটনাটিকে তিনি জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটি হিসেবেই উল্লেখ করেছেন।
একই সঙ্গে তিনি যিনি ভুল করে তার জুতাটি নিয়ে গেছেন, তার জন্য শুভকামনাও জানিয়েছেন। পাশাপাশি যদি ওই ব্যক্তি তার পোস্টটি দেখে থাকেন, তাহলে জুতাটি ফেরত দেওয়ার অনুরোধও করেন তিনি। অন্যদিকে যে জুতাটি তার কাছে এসেছে, সেটি যথাস্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে বলেও জানান এমপি হানজালা।
সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন একটি সাধারণ কিন্তু মানবিক ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই ঘটনাটিকে স্বাভাবিক ভুল হিসেবে দেখছেন এবং এমপির সরল প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে নিয়েছেন।
এমআর/এফএ

