রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত মো. রিপন নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শাহবাগ পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এমন তথ্য জানান।
ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বিকেল আনুমানিক সাড়ে ৪টায় শাহবাগের পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে মো. রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে ‘Dr. Ayesha Khatun’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। এই আইডি দিয়ে আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে প্রতারণা করা হচ্ছিল।
সংবাদ সম্মেলনে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রমের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একেএস/এফএ

