সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

শতভাগ বর্জ্যমুক্তে ‘৫০-৫০ অংশীদারত্ব মডেল’ প্রস্তাব ডিএসসিসি প্রশাসকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

শতভাগ বর্জ্যমুক্তে ‘৫০-৫০ অংশীদারত্ব মডেল’ প্রস্তাব ডিএসসিসি প্রশাসকের

বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার জন্য নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে একটি ‘৫০-৫০ অংশীদারিত্ব মডেল’ প্রস্তাব করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার (৩০ মার্চ) নগরভবনে আন্তর্জাতিক বর্জ্যমুক্ত দিবস ২০২৬ উপলক্ষ্যে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত ‘রাউন্ডটেবল অ্যান্ড ইউথ-পলিসি ডায়ালগ অন এক্সিলারেটিং জিরো ওয়েস্ট ইন ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব করেন।


বিজ্ঞাপন


শহরকে বর্জ্যমুক্ত করতে ওই মডেল কার্যকর হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, যদি নাগরিকরা তাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা নিশ্চিত করেন তাহলে ৫০ শতাংশ কাজ হয়ে যাবে এবং সিটি করপোরেশন যদি বাকি ৫০ শতাংশ দায়িত্ব পালন করে, তবেই একটি শতভাগ বর্জ্যমুক্ত শহর গড়ে তোলা সম্ভব।

আবদুস সালাম বলেন, বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি করপোরেশনের যৌথ অংশীদারত্বের কোনো বিকল্প নেই।

জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ এবং রিসাইক্লিংয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে ডিএসসিসি ইতোমধ্যে মাতুয়াইল ল্যান্ডফিলে ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর ফলে, বর্জ্যকে যেমন সম্পদে রূপান্তর সম্ভব হবে, তেমনি বর্জ্য দূষণের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, ৩০ মার্চ বিশ্বব্যাপী জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘ মানব বসতি কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক বর্জ্যমুক্ত দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য হলো- ‘খাদ্য অপচয় রোধ’।

দিবসটি উপলক্ষ্যে আয়োাজিত অনুষ্ঠানে ডিএসসিসি ও ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা উপস্থিত থেকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক তিনি ইএসডিও’র মতো সামাজিক সংগঠনগুলোকে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি এবং বর্জ্য সংগ্রাহকদের প্রশিক্ষণের জন্য নিয়মিত কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

এএম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর