সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ।

সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের মধ্যে যে মেধা আছে, তা সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করতে পারলে বিশ্ব দরবারে আরও সম্মান অর্জন করা সম্ভব।

তিনি বলেন, অনুষ্ঠানের পরিকল্পনা অত্যন্ত চমৎকার। জাতীয় পর্যায়ে ক্রীড়া খাতের উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, যারা মাঠে যান, তারা জানেন মাঠ কতটা প্রিয় হতে পারে। দেশের খেলোয়াড়দের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাদের সঠিকভাবে লালন-পালন করা গেলে আরও সাফল্য অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার কার্যকর পথ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য আসবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর