ওয়ান ইলেভেনের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মো. আফজাল নাছের ২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তার বাবা মৃত মফজেলুর রহমান ভূঁইয়া। তিনি মিরপুরের ডিওএসএইচএসের এভিনিউ-২ এর ১২ নম্বর রোডের ৮৬৪,এ/পি নম্বর বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের মুজিবখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালে চাকরিতে যোগদান করেন। ডিজিএফআইতে ২০০৬ মার্চ থেকে ২০০৮ মার্চ পর্যন্ত ছিলেন।
জানা গেছে, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ওয়ান–ইলেভেনের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনার বর্ণনায় বারবার এসেছে কর্নেল আফজালের নাম। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে এই আফজালের বিরুদ্ধে। তাছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ করে এই আফজাল। ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন এই সেনা কর্মকর্তা।
ভাটারায় তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। সেই মামলায় কর্নেল পরিচয় দেওয়া হয়েছে। তবে তিনি সর্বশেষ লে. কর্নেল থাকলেও লোকজনকে কর্নেল পরিচয় দিতেন। আফজাল বর্তমানে ইউনাইটেড গ্রুপের প্রশাসিক কর্মকর্তা হিসেবে আছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, তিনি মূলত তারেক রহমানকে নির্যাতন করেছিলেন। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালের সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু আফজাল চিকিৎসা দেবে না বলে সরাসরি জানিয়ে দেয়।
এমআইকে/এএস

