প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে এই পদে পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর মাধ্যমে গত কয়েক মাস ধরে পদটি শূন্য থাকায় প্রশাসনে যে অনিশ্চয়তা ও ফাইল জট তৈরি হয়েছিল, তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ড. আকনুর রহমান একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ পাবলিক প্রোকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি ক্রয় ব্যবস্থাপনা (Public Procurement) বিষয়ে তিনি একজন জাতীয় পর্যায়ের স্বীকৃত প্রশিক্ষক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও জাপানের গ্রিপস (GRIPS) থেকে পাবলিক পলিসি ও এমবিএ সম্পন্ন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাজ্যের ‘চার্টার্ড ইনস্টিটিউট অব প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই’ (MCIPS)-এর সদস্য তিনি। দেশি-বিদেশি জার্নালে তাঁর ১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ প্রশাসনের অন্যতম চালিকাশক্তি। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিব পর্যায় পর্যন্ত পদায়ন, পদোন্নতি ও নিয়োগের যাবতীয় সিদ্ধান্ত এই শাখা থেকে নিয়ন্ত্রিত হয়।
গত কয়েক মাস এই পদটি শূন্য থাকায় জনপ্রশাসন সচিবকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছিল, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছিল।
বিজ্ঞাপন
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর থেকেই এপিডি প্রধানের নিয়োগ নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের স্থবিরতা কাটানো এবং পদায়ন-পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনাই হবে নতুন অতিরিক্ত সচিব ড. আকনুর রহমানের প্রধান চ্যালেঞ্জ।
বিইউ/জেবি

