সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারে সরকারকে ক্যাবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

বিদ্যুতের মিটার চার্জ প্রত্যাহারে সরকারকে ক্যাবের অভিনন্দন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে উল্লেখ করে সরকারকে অভিনন্দন জানিয়েছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের কাছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের কথা জানান। 


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে এ চার্জ নিয়ে অসন্তোষ বিরাজ করছিল। সরকার গ্রাহকদের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখিয়ে চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার জনদাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব নীতি প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। একটি আধুনিক ও গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিবৃতিতে এস এম নাজের হোসাইন বলেন, বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রতিটি গ্রাহককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হতো। বছরের পর বছর ধরে এ ধরনের চার্জ আদায় গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছিল। বিদ্যুতের নিয়মিত বিল পরিশোধের পরও অতিরিক্ত এ চার্জ আরোপকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

ক্যাব সহসভাপতি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে এ চার্জ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা হলেও কমবে এবং দীর্ঘদিনের অসন্তোষ প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতেও বিদ্যুৎ খাতে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং সেবার মান উন্নয়নে সরকার এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা করে ক্যাব।


বিজ্ঞাপন


এমআর/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর