রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যালকোহল পানে অসুস্থ হয়ে অনিপা নিন্দিয়া নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। অনিপা লালমাটিয়া মহিলা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে মারা যান। পরে পুলিশ খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে এবং স্বজনদের খবর দেয়।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) বিকেলে ভাটারা থানা–পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, অনিপার গ্রামের বাড়ি চাঁদবিশ্পুবর জেলার মতলব উত্তর উপজেলার এখলাসপুর গ্রামে। তাঁর বাবা আশফা ভুঁইয়া মালয়েশিয়া প্রবাসী। বর্তমানে পরিবারটি নারায়ণগঞ্জে থাকে। দুই ভাই ও এক বোনের মধ্যে অনিপা সবার বড়। বসুন্ধরা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি বাসায় সহপাঠীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
তাঁর ভাই আকিল ভুঁইয়া জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে অনিপার মৃত্যুর খবর পান তাঁরা। পরে বাসায় গিয়ে তাঁর মরদেহ পান। অনিপা ঈদের ছুটি শেষে গত রোববার ঢাকায় ফিরেছিলেন। তবে দুই দিন আগে ফোন করে তিনি অসুস্থতার কথা জানিয়েছিলেন।
ভাটারা থানার এসআই রাহাতুল ইসলাম জানান, নিহতের সুরতহাল প্রতিবেদনে ওই শিক্ষার্থী নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তিনি অ্যালকোহল পান করতেন। ঘটনার পর তাঁর কক্ষ থেকে অ্যালকোহলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে।
বিজ্ঞাপন
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমআইকে/এআর

