রাজধানীর মগবাজারের বিশাল শপিং কমপ্লেক্সের মার্কেটে নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ক্ষমা চেয়েছেন।
রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে স্বশরীরে হাজির হয়ে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চান তিনি।
বিজ্ঞাপন
ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে ‘নবীন ফ্যাশন’ এর দোকান বন্ধ করে দেয়। ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে।
সেই ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। ফলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর গত ২৫ মার্চ একই আদালত ওসি গোলাম মর্তুজাকে তলব করে আদালত। এ বিষয়ে তাকে ব্যাখা চেয়ে তিন দিন সময় দেওয়া হয়। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়। আজ ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। নবীন ফ্যাশন বন্ধের দিনে কয়েকজন নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু-স্বজন বলে পরিচয় দেন। তাদের বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। ওসি যে ক্ষমা প্রার্থনা করেছেন সে বিষয়ে আদেশ অপেক্ষমাণ।
বিজ্ঞাপন
এ ঘটনায় ওসি গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
এমআইকে/এএস

