শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের সভা রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের সভা রোববার
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

দেশে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সরকারের কার্যক্রম আরও জোরদার করতে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী রোববার (২৯ মার্চ) বেলা ১১টা বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সভায় উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনার ক্ষেত্রে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

সংশ্লিষ্ট দফতর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, সড়ক দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে তারা বদ্ধপরিকর। 


বিজ্ঞাপন


এমআর/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর