প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে। জেলা, উপজেলা ও স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। দল-মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করা হবে। দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্কুলভিত্তিক নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের জন্য আরও বেশি সম্মান বয়ে আনাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, বাংলাদেশের বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রীড়ার সঙ্গে যুক্ত। আমার অনুরোধ থাকবে, আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর ক্রীড়াজগত গড়ে তুলি। তিনি বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে সম্মান বয়ে আনে এবং মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরি করে।
এর আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের উপস্থিতিতে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে আরও ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বিইউ/ক.ম/

