বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

তেল ফুরিয়ে নয়, যান্ত্রিক ত্রুটিতে ঠেলতে হয় পুলিশের সেই গাড়ি

আব্দুল কাইয়ুম
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

তেল ফুরিয়ে নয়, যান্ত্রিক ত্রুটিতে ঠেলতে হয় পুলিশের সেই গাড়ি

‎• ঠেলে নেওয়া গাড়িটি ছিল পুলিশের মুন্সীগঞ্জ সার্কেলের
‎• তেল সংকট বলে ফেসবুকে পোস্ট করেছেন অনেকে
‎• ট্যাংক ভর্তি ছিল তেল, মেরামত চলছে বাড্ডার গ্যারেজে


বিজ্ঞাপন


পুলিশের একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে তিন যুবক— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফেসবুকে বিষয়টি অনেকে পোস্ট করেন। কেউ কেউ ক্যাপশনে লিখেছেন, ‘যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশে তেল সংকট দেখা দিয়েছে, এজন্য পুলিশের গাড়িটি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে।’ গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার এমন ঘটনা দেশের কোন অঞ্চলে এবং কেন তা ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিস্তারিত অনুসন্ধান করেছে ঢাকা মেইল। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিষয়টি নিয়ে খোঁজ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়। 

‎যেখানে বন্ধ হয়ে যায় পুলিশের গাড়ি, মেরামতে যা যা লাগছে:
‎ঢাকা মেইলের অনুসন্ধানে জানা যায়, পুলিশের গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার ঘটনাটি মূলত রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ঘটে। যে সড়ক ধরে গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিল, এই সড়কের নাম প্রগতি সরণি। এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাসের সামনের ঘটনা। সেখান থেকে গাড়িটি ঠেলে পাশে কমিশনার গলির একটি গ্যারেজে নেওয়া হয়।

police_car_ii
ফেসবুকে ভিডিও পোস্ট করা গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে নেওয়া হয়

 


বিজ্ঞাপন


‎গ্যারেজের দেওয়া বিবরণ অনুযায়ী গাড়িতে ইনজেক্টর চারটি, ইনজেক্টর ওয়াশার আটটি, ফুয়েল পাম্প সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার একটি, ট্যাপেট কাভার সিল আটটি, লিকুইড পেস্ট একটি, ইঞ্জিন অয়েল আট লিটার, মবিল ফিল্টার একটি, ফুয়েল ফিল্টার একটি, ইনজেক্টর ওপেনিং ফিটিং দুটি, ফুয়েল পাম্প ওপেনিং ফিটিং দুটি, কম্পিউটার ডায়াগনোসিস ও ফুয়েল ট্যাংক ওয়াশ অ্যান্ড ওপেনিং ফিটিংয়ের কাজ করতে হবে।

‎গাড়ির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং বৃহস্পতিবার সরেজমিন প্রগতি সরণির গ্যারেজ ঘুরে দেখা যায়, এখানকার ‘নূর মোহাম্মদ অটো মোবাইল’ নামক গাড়ির গ্যারেজে এটির মেরামতের কাজ চলছে। ঠেলে নেওয়া পুলিশের সেই গাড়িটি গ্যারেজে রেখেই কাজ করা হচ্ছে। এখনো মেরামত পুরোপুরি শেষ হয়নি। গাড়িটি মূলত মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের, যার নম্বর ‘ঢাকা মেট্রো-ঠ ১৪-২৭৫১’।

police_car_servicing
রাজধানীর বাড্ডায় নূর মোহাম্মদ অটো মোবাইল গ্যারেজে পুলিশের গাড়িটি নেওয়া হয়

‎ 
‎গাড়ির সমস্যা নিয়ে যা বললেন গ্যারেজের ম্যানেজার:
‎গাড়িতে কী সমস্যা হয়েছে, জানতে চাইলে নূর মোহাম্মদ অটো মোবাইল গ্যারেজের ম্যানেজার পরিতোষ বর্মন ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের গ্যারেজে গত ২৪ মার্চ বিকেলের দিকে পুলিশের একটি গাড়ি ঠেলে নিয়ে আসা হয়। এই গাড়িটির যান্ত্রিক নানা সমস্যা রয়েছে। গাড়িটি রাস্তায় চলাচলের সময় পিকআপ এবং গিয়ার অনুযায়ী চলছিল না। হঠাৎ করে কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে এলে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত কালো ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে যায়। এরপর কয়েকজন মিলে গাড়িটি ঠেলে আমাদের গ্যারেজে নিয়ে আসে।’

‎পরিতোষ বর্মন বলেন, ‘গাড়িটি নিয়ে আসার পর আমরা ইঞ্জিন চেক করে প্রায় ১২ ধরনের পার্টস নিয়ে আসার জন্য বলেছি। উনারা ইতোমধ্যে পার্টসগুলো আনতে গেছেন। এগুলো নিয়ে এলেই সঙ্গে সঙ্গে আমরা কাজ শেষ করে গাড়িটি তাদের বুঝিয়ে দেব। তবে গাড়িটিতে তেল নেই- এমন কোনো সমস্যায় সেটি বন্ধ হয়নি। গাড়িতে ফুল ট্যাংক তেল আছে, যান্ত্রিক সমস্যার কারণেই গাড়ি ঠেলে আনতে হয়েছে।’  

police_car
 
‎তেল সমস্যা নয়, যান্ত্রিক সমস্যা হয়েছিল গাড়িটির: এসপি মুন্সীগঞ্জ
‎এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের জেলা পুলিশ রেঞ্জের একটা গাড়ি অনেক দিন যাবৎ সমস্যা করছিল। পরে গাড়িটা ঠিক করার জন্য নিয়ে গেলে সেখানেও সমস্যা দেখা দিয়ে বন্ধ হয়ে যায়। অতিরিক্ত ধোঁয়া বের হয়ে বন্ধ হয়েছে। এরপর পাশের একটা গ্যারেজে ঠেলে নিয়ে গাড়ির কাজ করানো হচ্ছে।’

‎পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে খবর আসছে বিষয়টি সঠিক নয়। তেল শেষ হয়ে যাওয়া বা গাড়িতে তেল নেই এমন কোনো বিষয় নয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হয়েছিল। এটা নিয়ে অনেকে বিভ্রান্তিমূলক পোস্ট দিলেও মূল কারণ ছিল গাড়ির যান্ত্রিক ত্রুটি।’

‎একেএস/বিইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর