বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

দায়িত্ব বুঝে নিলেন নতুন সিআইডি প্রধান, আগেরজনকে বিদায়ী সংবর্ধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

M
ছবিতে বায়ের নতুন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন, ডানে ছিবগাত উল্লাহ। ছবি- ঢাকা মেইল

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সিআইডি সদর দফতরে এ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ উদ্দিন সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, সিআইডির অর্জিত সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে হলে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না— প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতা বলে তিনি উল্লেখ করেন।

বিশেষভাবে সততার ওপর গুরুত্বারোপ করে নতুন সিআইডি প্রধান বলেন, শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, বরং প্রতিটি কাজে সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যথাযথ কারণ ছাড়া দায়িত্বস্থল ত্যাগ না করার নির্দেশনাও প্রদান করেন তিনি। 

63
দায়িত্ব বুঝে নেওয়ার পর বক্তব্য দিচ্ছেন নতুন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন। ছবি- ঢাকা মেইল

একই সঙ্গে সদস্যদের উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দক্ষতার ঘাটতি থাকলে তা পূরণের জন্য সিআইডিতে পর্যাপ্ত প্রশিক্ষণ ও আধুনিক টুলস বিদ্যমান। এরপরও কেউ দায়িত্ব পালনে অনাগ্রহী থাকলে তার জন্য সিআইডিতে স্থান নেই বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও উল্লেখ করেন, কর্মদক্ষতা সন্তোষজনক না হলে সিআইডির স্বার্থে এবং বাংলাদেশ পুলিশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি সিআইডিকে সাধারণ মানুষের কাছে একটি ‘এপেক্স ইনভেস্টিগেশন ইউনিট’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে সিআইডির নাম শুনলেই জনগণের মনে আস্থা ও বিশ্বাস জন্মায়।

তিনি উল্লেখ করেন যে, বিদায়ী প্রধান বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করবেন এবং সেখান থেকেও সিআইডির কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত রাখবেন। পাশাপাশি তিনি বিদায়ী প্রধানের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে অসমাপ্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে তিনি বিদায়ী প্রধানকে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছাড়াও মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। 

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী মোসলেহ্ উদ্দিন আহমদ তার বর্ণাঢ্য কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখে এসেছেন। সিআইডি প্রধান হিসেবে যোগদানের পূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া ডিএমপি ও সিএমপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন। কুষ্টিয়া, ভোলা, শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও দায়িত্ব পালন করেছেন।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর