ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে’ আয়োজনের পর এবার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়নের প্রত্যাশা করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। পদোন্নতি, নতুন পদ সৃজনসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (২৫ মার্চ) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মতিয়ুর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক ‘অভিনন্দন বার্তায়’ এমন দাবি করে সংগঠনটি।
এ অভিনন্দন বার্তায়, কমিশনের সুষ্পষ্ট নির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব, সময়োচিত সিদ্ধান্ত ও নিরলস পরিশ্রমে স্বাধীনতাত্তোর বাংলাদেশে সর্বমহলে গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য ইসিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বলা হয়েছে, দেশ প্রথমবারের মতো দেশে-বিদেশে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগ নিয়ে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশনের নেওয়া আইনি সংস্কার এবং মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও অংশীজনদের সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা অভূতপূর্ব।
সংগঠনটির বার্তায় আরও বলা হয়, দীর্ঘ দিনের দাবি অনুযায়ী আইনানুগ ও ন্যায্য জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন কর্মকর্তাদের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত করেছে। বর্তমান কমিশন কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ইসি সার্ভিস গঠন উল্লেখযোগ্য—এতে কর্মস্পৃহা বাড়বে বলে মনে করছে অ্যাসোসিয়েশন। এছাড়া এনআইডি সেবা ইসির অধীনে রাখার উদ্যোগকে যৌক্তিক ও কল্যাণকর উল্লেখ করে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে কার্যক্রম পুনরায় ইসির অধীনে ফিরিয়ে আনার প্রত্যাশা জানানো হয়েছে।
এমএইচএইচ/ক.ম

