মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

Lieutenant General Retd Masud Uddin Chowdhury
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ মঙ্গলবারই আদালতে উঠানো হবে। এবং আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।


বিজ্ঞাপন


এরআগে গতকাল সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে। বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ফেনীতে তিনটি হত্যা মামলা রয়েছে, যাতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাকি ৮ মামলার তদন্ত চলমান রয়েছে। মানবপাচার ছাড়াও তার বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে।

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কারও অবস্থান দেখে নয়, অপরাধ অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’


বিজ্ঞাপন


সত্তরের দশকে রক্ষী বাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। ১৯৭৫ সালে রক্ষী বাহিনী ভেঙে দেওয়া হলে আরও অনেকের সঙ্গে মাসুদ উদ্দিনকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়। সেনাবাহিনী থেকে অবসরের পর ঢাকায় একটি পাঁচ তারকা মানের হোটেল খুলে ব্যবসা শুরু করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। পাশাপাশি শুরু করেন জনশক্তি রপ্তানির ব্যবসা।

এদিকে, ২০১৮ সালে তিনি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির মনোনয়নে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরআগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন।

সাবেক এই সেনা কর্মকর্তা ওয়ান এগারোর সময় আলোচনায় আসেন এবং পরবর্তীতে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানোও হয়েছিল।

এএম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর