রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার থেকে ডিএমপির ডিবি, সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা গেছে, আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন, বাংলাদেশ সরকার তাকে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। এই পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। এই গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তির নিকট প্রেরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করেন।


বিজ্ঞাপন


ডিবি সূত্রে আরও জানা যায়, আরিফ মাইনুদ্দিন গত ১০ ফেব্রুয়ারি সরকারের নকল লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি ও প্রচার করেন। ওই গেজেটে জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন হিসেবে তাকে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি ঘোষণা করে এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান এবং স্থায়ী বাসস্থান প্রদানের কথা উল্লেখ করা হয়। এছাড়া তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নেন।

কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে আরিফ মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট, প্রধানমন্ত্রীর সাথে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর