ঈদের দিন মা ও খালার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল শিশু ফুজাইল। তারা রোগীর সঙ্গে দেখা করেন। কিন্তু এরই মাঝে শিশু ফুজাইলকে খুঁজে পায় না তার মা ও খালারা। শুরু হয় খোঁজাখুঁজি।
শনিবার (২১ মার্চ) দুপুর প্রায় তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এর এক ঘণ্টা পর চারটার দিকে এক অজ্ঞাত নম্বর থেকে কল আসে শিশুটির বাবার মোবাইল ফোনে। জানানো হয়, ফুজাইলকে অপহরণ করা হয়েছে। তার মুক্তিপণ হিসেবে দিতে হবে সাড়ে তিন লাখ টাকা।
এ খবর শুনে শুরু হয় ফুজাইলের মায়ের আহাজারি ও আর্তনাদ। সেই দৃশ্য দেখে র্যাব সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধারে মাঠে নেমে পড়ে। অবশেষে শিশু ফুজাইল উদ্ধার হয়েছে।
এ ঘটনায় তানভীর নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। তার বাড়ি পটুয়াখালীর দশমিনা এলাকায়।
রোববার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-১) সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।
বিজ্ঞাপন
তিনি জানান, ফুজাইলের বয়স দুই বছর। তার মা ঢামেকে কান্নাকাটি করছিলেন। আমাদের সদস্যরা দেখে খরব দেন। পরে র্যাব কাজ শুরু করে। অবশেষে রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধারসহ মূলহোতা এম এম তানভীরকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, তানভীর শিশুটিকে পরিকল্পিতভাবেই সরিয়ে নিয়েছিল। শিশুটি মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে তাকে খেলনা ও চকলেট দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।
র্যাব আরও জানান, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এএইচ

