ঈদের ছুটি একটু মনোরম পরিবেশে কাটাতে অনেকেই ভিড় করছেন ধানমন্ডি লেকে। সেখানে হাঁটতে হাঁটতে কারও নজর কাঁচা আম মাখার দোকানে পড়লেই সেখানে গিয়ে স্বাদ একটু নিচ্ছেন। তবে ৫০ টাকার নিচে আম মাখা দিচ্ছেন না দোকানি। ফলে আশাহত হয়ে ফিরছেন অনেকে।
রোববার (২২ মার্চ) ধানমন্ডি লেকে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
বিজ্ঞাপন
ধানমন্ডির রবীন্দ্র সরোবরের ওভারব্রিজ দিয়ে নেমে ৩২ নম্বরের দিকে যাওয়ার পথে কিছুটা হাঁটলেই বাম পাশে একটি পেয়ারা মাখা ও কাঁচা আম মাখার দোকান চোখে পড়ে। দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়ালে ক্রেতা-বিক্রেতার কথোপকথন থেকেই বোঝা যায়, ৫০ টাকার নিচে আম মাখা বিক্রি করেন না। আর পেয়ারা মাখা বিক্রি হচ্ছে ২০ টাকায়।
এদিকে যে দুই-একজন আম মাখা কিনেছেন, তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫০ টাকায় মাত্র ৫০ গ্রামের মতো আম মাখা দেওয়া হচ্ছে।
সোহাগ ও শান্তি ধানমন্ডি ঘুরতে এসেছেন। এসময় শান্তি আম ও পেয়ারা মাখা খেতে চাইলে সোহাগ দোকানির কাছে গিয়ে ২০ টাকার করে আম ও পেয়ারা মাখা চান। তখন দোকানি সরাসরি বলেন, পেয়ারা মাখা ২০ টাকায় দেওয়া যাবে, কিন্তু আম মাখা ৫০ টাকার নিচে নয়। পরে সোহাগ ২০ টাকার পেয়ারা মাখা নিয়েই ফিরে যান।
কিছুক্ষণ পর আরেক দম্পতি এসে আম মাখা নিতে চাইলে দোকানি জানান, ৫০ টাকার নিচে দেওয়া হবে না। তখন ওই দম্পতি দোকানিকে উদ্দেশ্য করে বলেন, ‘মামা, ৫০ টাকায় কতটুকু আম দেবেন, একটু ওজন করে দিন।’
বিজ্ঞাপন
জবাবে দোকানি বলেন, ‘ওজন করে দেওয়া যাবে না; হাতে মেপে যতটুকু মনে হয়, ততটুকুই দেওয়া হবে। হলে নেন, না হলে বাদ দেন।’
এ দোকান থেকে ৫০ টাকায় আম মাখা কেনেন নারগিস সুলতানা। তিনি বলেন, ‘এখন কাঁচা আমের মৌসুম শুরু, তাই হয়তো দোকানিকে বাজার থেকে বেশি দামে আম কিনতে হচ্ছে।’
নারগিস বলেন, ‘৫০ টাকায় যে পরিমাণ আম দিচ্ছেন, তাতে কেজিপ্রতি দাম প্রায় এক হাজার টাকা দাঁড়ায়। অর্থাৎ ৫০ টাকায় ৫০ গ্রাম। দামটা একটু বেশি মনে হচ্ছে। তবুও নিলাম। কথায় আছে না, ‘শখের দাম লাখ টাকা।’
এমএইচএইচ/এএইচ

