রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৯টায় বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এবারের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান জামাতে অংশ নেবেন মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান। তাদের সঙ্গে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা জামাতে শরিক হবেন।
আয়োজকরা জানান, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা, মেডিক্যাল টিম এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে রাজধানীবাসী এবারও ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন।
এমআর/এমআই

