শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

হোস্টেল-মেসে পরিবার ছাড়া শিক্ষার্থীদের ঈদ কাটবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

হোস্টেল-মেসে পরিবার ছাড়া শিক্ষার্থীদের ঈদ কাটবে যেভাবে

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি পেয়েও রাজধানীর অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী এবার বাড়ি না ফিরে পরিবার ছেড়ে হোস্টেল-মেসে কাটাচ্ছে ঈদের ছুটি। 
 
শুক্রবার (২০ মার্চ) রাজধানীর কয়েকটি এলাকার মেস ও আবাসিক হোস্টেল ঘুরে জানা যায় পারিবারিক নানা জটিলতা, দূরত্বজনিত সমস্যা কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই রয়ে গেছেন ঢাকা শহরে। এবার তাদের ঈদের সময় কাটবে নিজ নিজ হোস্টেল, মেস কিংবা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে। আবার ঈদের পর অনেকের চাকরির পরীক্ষা থাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরেনি।
 
ঢাকায় ঈদ করা শিক্ষার্থীরা জানান, নানা কারণে এবার ঈদে বাড়ি যাননি তারা। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেননি। কেউ পড়াশোনা টিকিয়ে রাখতে, কেউ চাকরি হারানোর ভয়ে, কেউবা বেকারত্বকে লুকিয়ে রাখার জন্য বিসর্জন দিয়েছেন ঈদ আনন্দ। আবার কেউবা ঈদের পরে চাকরি পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে এজন্যও ঢাকা ছেড়ে যাননি।

ঈদে বাড়ি না ফিরে আবাসিক হলে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞাণের ছাত্র কাজী ফয়সাল। শাহবাগে চা পান করেছিলেন। জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, ঈদের পর একটি ব্যাংকের ভাইভা পরীক্ষা এবং একটি চাকরির পরীক্ষা আছে। তাই আমি এবার ঈদকে বেশি গুরুত্ব না দিয়ে আমার ভবিষ্যতকে গুরুত্ব দিলাম। পরীক্ষা শেষে বাড়ি যাবো।
 
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র নওরোজ। ঢাকায় বসবাস করেন ঝিগাতলায়। ঈদের ছুটিতে ঢাকায় থেকে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তেমন কোনো কারণ নেই। এবার বাড়ি যেতে ইচ্ছে করেনি, তাই যাইনি।
 
ইমরান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, পড়াশোনা শেষ করেছি গত বছর। এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের পর আমার চারটি চাকরির পরীক্ষা রয়েছে। মূলত এ কারণে ঈদে বাড়ি যাইনি। 
 
ঈদে খাওয়া-দাওয়ার সমস্যা হয়েছে কি না জানতে চাইলে ইমরান বলেন, না সমস্যা হয়নি। নিজেরা রান্না করতে পারি। এছাড়া এলাকায় কিছু স্থানীয় বন্ধু রয়েছে, যারা পরিবার নিয়ে এখানে বসবাস করেন। তারা দাওয়াত দিয়েছে। সেখানে ঈদের দিনটি কাটাব।


বিজ্ঞাপন


1000066288
 
ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন পড়াশোনার খরচ যোগান দিতে পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করেন। তিনি বলেন পরিবার ছাড়া ঈদ ভালো লাগে না। কিন্তু ঈদের ছুটি বাড়ি গেলে অতিরিক্ত আয় করা থেকে বঞ্চিত হবো। অন্যদিকে চাকরিটাও থাকবে না। এতে পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। এসব কারণে বাড়ি যাইনি। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ‘বাড়ি রাজশাহীতে হলেও টিকিট পাইনি। তাছাড়া খরচও বেশি পড়ে যাচ্ছে। তাই বন্ধুদের সঙ্গেই ঈদ করছি এখানে। এক ধরনের পরিবারই গড়ে উঠেছে আমাদের মাঝে।’
 
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় থাকা এই শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত স্বেচ্ছাসেবী ভিত্তিতে সাংস্কৃতিক কিংবা সামাজিক আয়োজনে তাদের যুক্ত করা, যাতে তারা একাকিত্বে না ভোগে।
 
এমন চিত্র যে শুধু রাজধানীর তা নয়। সারাদেশে বিভাগীয় শহরগুলোতে এমন হাজারো শিক্ষার্থীসহ অন্যান্যরা পেশার মানুষ রয়েছে, যারা পারিবারিক, আর্থিক ও বেকারত্ব নানা কারণে ঈদ আনন্দকে বিসর্জন দিয়েছেন। ছুটি থাকলেও ঘরে ফেরা সবার পক্ষে সম্ভব হয় না। তবে বন্ধুত্বের সাহচর্যই হয়ে উঠছে শহরে থেকে যাওয়া এই শিক্ষার্থীদের ঈদের প্রধান ভরসা।
 
এমএইচএইচ/ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর