শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে ঈদের আগমনী উৎসব ‘গুলশান সোসাইটি চাঁদরাত-২৬’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

ঈদ উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত ২৬’

রাজধানীর গুলশানে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব ‘গুলশান সোসাইটি চাঁদরাত ২০২৬’, যা ইতোমধ্যেই নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

বুধবার সন্ধ্যায় গুলশান-২ লেক পার্কে উৎসবের সূচনা হলেও, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৃহস্পতিবার বিকেলে। চাঁদ দেখা সাপেক্ষে এই আয়োজন প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত।


বিজ্ঞাপন


উৎসবটি আয়োজন করেছে গুলশান সোসাইটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া। আয়োজকদের মতে, আধুনিক নগরজীবনের ব্যস্ততার মাঝেও হারিয়ে যাওয়া চাঁদরাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আনন্দকে নতুন করে জীবন্ত করে তোলাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

উৎসবস্থলে দর্শনার্থীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। ৩০টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে, যেখানে প্রদর্শন ও বিক্রয় হচ্ছে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম।

সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া পিএলএমআই-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সোহেল আর, কে. হোসেন, গুলশান সোসাইটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব এবং সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান মিসেস শ্রাবন্ধী দত্তসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সুফি সংগীত, গজল ও কাওয়ালি পরিবেশনা। শিশুদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, যা পরিবারসহ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।


বিজ্ঞাপন


উৎসবের দ্বিতীয় দিনে বৃষ্টি কাটিয়ে নতুন উদ্দীপনায় শুরু হওয়া আয়োজন নগরবাসীর মাঝে ঈদের আগমনী আনন্দকে আরও রাঙিয়ে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর