শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা, চলাচলে স্বস্তি

মাহফুজুর রহমান
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

Eid
রাজধানী ঢাকার একটি ব্যস্ত এলাকার সড়কের বৃহস্পতিবারের চিত্র। ছবি- ঢাকা মেইল

ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব পালনে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে গেছেন নগরবাসীর বড় একটি অংশ। ফলে সারা বছর যেমন থাকে, সেই তুলনায় ঢাকার চিত্র এখন একেবারেই ভিন্ন।

রাজধানীর প্রধান সড়ক, সংযোগ সড়ক এমনকি ব্যস্ত মোড়গুলোতেও বর্তমানে কোনো যানজট নেই। যেখানে সাধারণ সময়ে গাড়ির দীর্ঘ সারি আর ধীরগতির যানচলাচল নিয়মিত ঘটনা, সেখানে এখন স্বস্তিতে দ্রুত চলাচল করতে পারছে অল্পসংখ্যক যানবাহন। কোথাও কোথাও সড়ক এতটাই ফাঁকা যে, কয়েক মিনিট দাঁড়িয়ে থেকেও তেমন যানবাহন দেখা যাচ্ছে না।

0

সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অধিকাংশ কলকারখানা ছুটি থাকায় নগরীর কর্মচাঞ্চল্য একেবারেই কমে গেছে। কর্মজীবী মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও শহর ছেড়ে চলে যাওয়ায় রাজধানীতে মানুষের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে কমেছে।

গণপরিবহনের ক্ষেত্রেও দেখা গেছে ভিন্ন চিত্র। লোকাল বাসের সংখ্যা খুবই কম। যেগুলো চলছে সেগুলোও অনেক সময় পরপর পাওয়া যাচ্ছে। এতে যারা এখনো ঢাকায় আছেন, তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসের জন্য।


বিজ্ঞাপন


এ ব্যাপারে বাসযাত্রী শামীম মিয়া বলেন, ‘আজকে রাস্তায় গাড়ি কম, যাত্রীও কম। তবে ফাঁকা রাস্তায় দ্রুত যাওয়া যায়, তাই সময়ও বাঁচে।’

2

এদিকে রাজধানী ফাঁকা হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন রিকশাচালকরা। আয়ক অনেকটাই কমে গেছে তাদের। এই পেশার সঙ্গে যুক্ত অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গেলেও একটু বাড়তি আয়ের আশায় অনেকেই যান না। ভাড়ার সঙ্গে ঈদ বকশিস পাবেন, এই আশায় ঢাকাতেই থাকেন কেউ কেউ। 

তাদেরই একজন রিকশাচালক আব্দুল করিম। তবে তার কণ্ঠে হতাশা। তিনি বলেন, যাত্রী কম থাকায় আয় কম হচ্ছে। তবে যানজট না থাকায় সড়কে চলাচল সহজ হয়েছে বলেও জানালেন তিনি।

বেসরকারি চাকরিজীবী নাসির উদ্দিন জানান, ‘অফিস ছুটি হওয়ায় আজ রাতেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেব। এখন ঢাকায় রাস্তাঘাট ফাঁকা থাকায় চলাচল বেশ স্বস্তির। কোনো যানজট নেই। আধঘণ্টার পথ ১০ মিনিটে যাওয়া যাচ্ছে।’

4

আরেক যাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘বাস কম থাকায় কিছুটা অপেক্ষা করতে হচ্ছে, তবে যানজট না থাকায় মোটামুটি স্বস্তি লাগছে।’

বেসরকারি আরেক চাকরিজীবী আরিফ ঢাকা মেইলকে বলেন, ‘ঈদে বাড়ি যাচ্ছি না, ডিউটি করতে হবে। তাই আজও অফিসে যেতে হচ্ছে, ফিরব মাঝরাতে।’

তিনি আরও জানান, ‘আমার অফিস বারিধারায়, বাসা মগবাজার। আমি মালিবাগ থেকে বাসে উঠি। রাজধানীর যানজট পেরিয়ে এই পথ আসতে আমার স্বাভাবিক দিনে এক ঘণ্টারও বেশি সময় লাগে। কিন্তু রাস্তা ফাঁকা থাকায় আজ লেগেছে মাত্র ২০ মিনিটের মতো।’   

3

এদিকে যারা এখনো রাজধানীতে অবস্থান করছেন, তাদের অনেকেই জানিয়েছেন, সন্ধ্যা বা রাতের মধ্যেই তারা ঢাকা ছাড়বেন। ফলে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কগুলো আরও ফাঁকা হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সামগ্রিকভাবে, ঈদের আগের দিনে রাজধানী ঢাকার সড়কে এক বিরল স্বস্তির চিত্র ফুটে উঠেছে। তবে এই স্বস্তি সাময়িক। ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরলে আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠবে নগরী। ফিরে আসবে সেই পরিচিত যানজট আর ব্যস্ততা।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর