শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

যাত্রীশূন্য কল্যাণপুর বাসস্ট্যান্ড

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

যাত্রীশূন্য কল্যাণপুর বাসস্ট্যান্ড

ঈদুল ফিতর পরিবারের সঙ্গে পালন করতে ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন পেশাজীবী, কর্মজীবীসহ নানা পেশার মানুষ। এজন্যই ঈদের আগের দিন হাঁকডাক করেও যাত্রী পাচ্ছেন না কল্যাণপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন কাউন্টারের কর্মীরা। শুক্রবার (২০ মার্চ) কল্যাণপুর বাসস্ট্যান্ডে সরেজমিন ঘুরে এমন চিত্র পাওয়া যায়।
 
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বাসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্যের নাম ধরে ধরে ডাকছেন। কেউ বলছেন—ওই রংপুর, রংপুর-নীলফামারী, আবার কেউ বলছেন—রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা-নওগাঁ-বগুড়া। এতো ডাকাডাকি করেও অনেক বাসে যাত্রী নেই। কাউন্টার কর্মীরা বলছেন, ঈদের দীর্ঘ ছুটির কারণে আগে থেকেই সবাই চলে গেছেন। তাই ঈদের আগে বেশির ভাগ বাসের সিট ফাঁকা যাচ্ছে।
 
গ্রীন ট্রাভেলসের এক কাউন্টার মাস্টার বলেন, ঈদের দীর্ঘ ছুটি থাকায় অনেকেই আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়েছেন। এরপর ছুটিও হয়েছে ধাপে ধাপে—যেমন সরকারি চাকরিজীবীরা ছুটি পেয়েছেন ১৭ মার্চ থেকে, আর বেসরকারি চাকরিজীবীরা পেয়েছেন ১৯ মার্চ থেকে। এই ধাপে ধাপে ছুটি হওয়ার কারণেই আজ শেষ দিনে এসে তেমন যাত্রী পাওয়া যাচ্ছে না; সবাই আগেই চলে গেছেন।
 
শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার আকাশ কুমার বলেন, দীর্ঘ ছুটির কারণে আগেই সবাই ঢাকা ছেড়েছেন। এজন্য ঈদের আগের দিন বাসস্ট্যান্ডে যাত্রী নেই বললেই চলে। 

বগুড়া যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে এসেছেন রহিম মিয়া। দীর্ঘ ছুটির পরও ঈদের আগের দিন বাড়ি ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি একটি বেসরকারি চাকরি করি। আগে ছুটি নিয়ে চলে যেতে পারতাম। কিন্তু এত ঝামেলা পোহাতে ইচ্ছে হয়নি। তাই দুই দিন অতিরিক্ত অফিস করেছি, যাতে ঈদের ছুটি শেষে অতিরিক্ত দুই দিন ছুটি পাওয়া যায়। এতে মহাসড়ক কিংবা টিকিট না পাওয়ার ঝামেলায় পড়তে হবে না।
 
ঈদের আগের দিন বখশিশের নামে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি না—জানতে চাইলে আরেক যাত্রী হামিদুর আজাদ বলেন, গত কয়েক দিন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে আজ কাউন্টারে আমার সঙ্গে এমন কিছু ঘটেনি। আর এখন তো যাত্রীর চাপ নেই। সুতরাং অতিরিক্ত ভাড়া আদায় করবে কীভাবে?
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও নৌ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে। মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। তবে কাউন্টার থেকে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে।
 
এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর