বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

সদরঘাটে লঞ্চের সংঘর্ষে জামাতা নিহত, এখনো সন্ধান মেলেনি নিখোঁজ শ্বশুরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

সদরঘাটে লঞ্চের সংঘর্ষে জামাতা নিহত, এখনো সন্ধান মেলেনি নিখোঁজ শ্বশুরের
সদরঘাটে লঞ্চের সংর্ঘষ। ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। দুর্ঘটনার ২২ ঘণ্টা পার হলেও এখনো নিখোঁজ রয়েছেন নিহতের শ্বশুর।

নৌ-পুলিশ সূত্র জানায়, বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনায় মিরাজ ফকির (৫০) নিখোঁজ হন। এ ঘটনায় তার মেয়ের জামাতা সোহেল ফকির (২২) নিহত হয়েছেন। এছাড়া মিরাজের মেয়ে রুবা ফকির গুরুতর আহত হয়ে মিটফোর্ড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


দুর্ঘটনার প্রায় একদিন পার হলেও মিরাজ ফকিরের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ফায়ার সার্ভিস জানায়, আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আবারও ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ শুরু করা হবে।

কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, এ ঘটনায় একজন নিহত, একজন আহত এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে নৌ-পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই লঞ্চের কয়েকজন স্টাফকে আটক করা হয়েছে। বিষয়টি বর্তমানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকালে উদ্ধার অভিযান শুরু করার চেষ্টা করা হলেও প্রবল স্রোত এবং ঘাটে লঞ্চের চাপের কারণে ডুবুরিরা কাজ করতে পারেননি। পানির নিচে নামলেও স্রোতের কারণে তারা বারবার লঞ্চের নিচে চলে যাচ্ছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে কিছু সময়ের জন্য এলাকা ফাঁকা হলে আবার চেষ্টা চালানো হয়, তবে যাত্রীদের চাপ ও জোয়ার-ভাটার কারণে দীর্ঘ সময় পানির নিচে থাকা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ নামে আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এতে অপেক্ষমাণ লঞ্চে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এ সময় রুবা আক্তার নদীতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনার পর থেকেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালানো হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান পুনরায় শুরুর অপেক্ষায় রয়েছেন তারা। 

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর