বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

ছিনতাইকারীর কবলে নারী, চলন্ত রিকশা থেকে পড়ে মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

dead
মরদেহের প্রতীকী ছবি

রাজধানীর তুরাগের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এক নারী মারা গেছেন। নিহত নারীর নাম মুক্তা আক্তার। অটোরিকশা থেকে ভ্যানেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তার স্ত্রী আজ সকাল সাড়ে ৯টার দিকে কেনাকাটা করে অটোরিকশায় বাসায় ফিরছিল। পথে তুরাগের মেট্রো রেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে অটো থেকে পড়ে গুরুত্ব আহত হন মুক্তা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিলে তার অবস্থার অবনতি ঘটে। এরপর তারা আরেকটি হাসপাতালে নেন। কিন্তু তারা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। ঢামেক নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মুক্তা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফরহাদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বর্তমানে দক্ষিণখানের হায়দ্রাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর