ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টা থেকে গারমেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি দেওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টার্মিনালে লোকসমাগম বাড়তে শুরু করে। সংশ্লিষ্টরা বলছেন, বিকেল নাগাদ এই ভিড় কয়েকগুণ বেড়ে 'লোকালারণ্য' সৃষ্টি হবে।
সরেজমিনে দেখা গেছে, দলে দলে ঘরমুখো মানুষ টার্মিনালে আসছেন। কেউ লোকাল বাসে, কেউ সিএনজি, কেউ বা রাইডশেয়ার গাড়িতে চড়ে নামছেন। সবার হাতে ও পিঠে একাধিক ব্যাগ। কারও হাতে বস্তা ও কাপড়ের ঝুড়ি, কেউ লাগেজ গুছিয়ে বাসের দিকে ছুটছেন।
বিজ্ঞাপন

দুপুর ১২টা বাজতেই অধিকাংশ গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা করে। ছুটি পেয়ে অনেকেই সরাসরি চলে এসেছেন টার্মিনালে। সিরাজগঞ্জের কাজীপুরের রহিদুল ইসলাম ও বারেক মিয়া-দুজন বন্ধু, মিরপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। রহিদুল বললেন, ‘আগেভাগেই চলে এলাম। বিকেলে বাড়ি গিয়ে ইফতারটা ধরতে পারব বলে আশা করছি।’
মোহাম্মদপুর থেকে স্ত্রী-সন্তান নিয়ে রংপুর যাচ্ছেন আকবর হোসেন। পেশায় লেবার কাজ করেন। আগাম টিকিট কাটতে না পারায় বিআরটিসি বাসের কাউন্টারের সামনে বসে আছেন তিনি। তিনি বলেন, ‘বাস ছাড়লেই যেকোনো একটায় উঠে যাব।’
বিজ্ঞাপন
শিক্ষার্থী হাসান যাবেন রাজশাহী। কলেজ ছুটি থাকলেও টিউশনি শেষ হয়েছে গতকাল, তাই বাড়ি ফেরা আজ। তিনি বলেন, ‘ঈদে বাড়ি না গেলে কেমন লাগে! বাবা-মায়ের সঙ্গে ঈদ করব, এটার মজাই আলাদা।’

টার্মিনালে এখন উত্তরবঙ্গের বিভিন্ন রুটের দূরপাল্লার বাস আসতে শুরু করেছে। কোনো বাস এখনই ছাড়ছে, কোনোটা যাত্রী তোলার অপেক্ষায়। এবার আগেভাগেই বাড়ি ফিরতে চান অনেকে। নাটোর যাচ্ছেন রিয়া ও শুভ দম্পতি। শুভ বললেন, ‘অন্যবার লেটে বের হয়ে যানজটে আটকে ছিলাম। এবার আগেভাগেই বের হলাম, ভোগান্তি কমবে।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে। অনেকে এসি বাস খুঁজছেন। কাউন্টারগুলোর সামনে ঘুরে দেখা গেল, কিছু বাসের কর্মীরা এসি বাসের টিকিট বিক্রি করছেন হাঁকডাক দিয়ে।
গত কয়েক দিন ধরে ‘আজ ও আগামীকালের টিকিট নেই' বলে এলেও আজ গাবতলীতে ভিন্ন চিত্র দেখা গেছে। টার্মিনালের ভেতরে রাবেয়া পরিবহনের কাউন্টারে কুষ্টিয়া ও কুমারখালীগামীদের লাইন ধরে টিকিট কিনতে দেখা গেছে। নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। বিএনএস ট্রাভেলসের এক কর্মী জানালেন, আগের বুকিং শেষ হলেও তারা বাড়তি গাড়ি নামিয়েছেন। এ ছাড়া চলন্ত গাড়ি থেকে নেমে হেলপাররা টিকিট ধরিয়ে দিচ্ছেন যাত্রীদের।

আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। আজ দুপুরের পর ঢাকার অফিস-আদালত ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি পেয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মীরা অফিস শেষে ব্যাগ গুছিয়ে বিকেলে টার্মিনালে আসবেন। শ্যামলী পরিবহনের এক কাউন্টার ম্যানেজার আসাদ বললেন, ‘এখন তো এই লোক দেখছেন। বিকেলে গাবতলীতে পা ফেলানোর জায়গা থাকবে না। গাড়ি আর মানুষে ভরে যাবে। এক কথায় ঢল নামবে।’
আরও পড়ুন: ঈদের ছুটিতে ফাঁকা সড়কে স্বস্তিতে নগরবাসী
বিভিন্ন কাউন্টার সূত্র জানিয়েছে, বিকেল তিনটা থেকে রাত ১টা পর্যন্ত কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড় রুটের যাত্রীদের চাপ সবচেয়ে বেশি থাকবে। আগাম টিকিট যাঁদের আছে, তাঁরাও কাউন্টারে ভিড় করবেন।
এমআইকে/এমআই

