রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশ পুলিশের আইজি আলী হোসেন ফকির। এ সময় তিনি টার্মিনালের নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রতিটি কাউন্টার প্রদর্শন করেন। শেষে বাস মালিক সমিতির নেতাদের পেয়ে তাদের বাসগুলো তারা যাতে প্রধান সড়কে দাঁড় করিয়ে না রাখে সেজন্য অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে টার্মিনালের ভেতরে পরিদর্শনকালে তিনি এ অনুরোধ করেন।
বিজ্ঞাপন
এ সময় আইজিপি বাস মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে কাছে পেয়ে তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের উদ্দেশে বলেন, সরকার আপনাদের কাছে যে ধরনের সহযোগিতা চায় তা আপনারা করেন।
এ সময় এক নেতা বলেন, আমরা তো সরকারের সহযোগিতা পাচ্ছি না। মহাসড়কের পাশে থাকা বাজারগুলো আমাদের বেশি ক্ষতি করছে। এগুলোর কারণে যানজট বাঁধছে। বাজারগুলো মহাসড়কের পাশে না থাকলে যানজট কমে আসবে।
তার কথার জের ধরে আইজি বলেন, আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান, লোকাল মেম্বারসহ সকলের সহযোগিতা পাবেন আপনারা। আমার কথা হল রাস্তায় কোনো ব্লক হবে না, ব্যারিকেড হবে না। এটা আপনাদের যারা আছেন তাদেরকে দিয়ে বাস্তবায়ন করেন।
এ সময় আইজি তাদের উদ্দেশে বলেন, অনেক সময় দেখা যাচ্ছে তিনটা বাস একসঙ্গে সড়কে এসে দাঁড়িয়ে আছে। এগুলো আপনারা দেখেন তাতে কোনোভাবে সড়কে যানজট না হয়।
বিজ্ঞাপন
এ সময় তিনি সড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মালিক সমিতির নেতাদেরসহ সবার সহযোগিতা কামনা করেন।
এমআইকে/এফএ

