আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধানবিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
বিষয়টি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
বিজ্ঞাপন
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে-আর দুয়েক দিনের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। সোমবার (১৬ মার্চ) সকালে ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক।
এসময় তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানের ৯০ শতাংশ কাজ শেষ। একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
আরও পড়ুন: আজ পবিত্র শবে কদর
উৎসবমুখর পরিবেশে যেন নগরবাসী ঈদের জামাত আদায় করতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে- জানিয়ে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন এখানে।
বিজ্ঞাপন
মো. আব্দুস সালাম বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানবিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ ময়দানে নামাজ আদায় করবেন।
ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান।
প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়াও আলাদা প্রবেশ ও প্রস্থান গেট এবং নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
এমআই

