ল্যাপটপ বা কম্পিউটারে যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করেন, তাদের জন্য একটি বড় সতর্কবার্তা জারি করেছে দেশের কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন। অত্যন্ত কৌশলী উপায়ে ছড়ানো নতুন এই ম্যালওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
হ্যাকাররা প্রথমে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর সেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকেই ভুক্তভোগীর বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের কাছে অত্যন্ত নিখুঁতভাবে বিপজ্জনক ভাইরাসযুক্ত ফাইল পাঠিয়ে দেয়।
বার্তাটি পরিচিত কারও নম্বর থেকে আসায় সাধারণত প্রাপকরা সন্দেহ না করেই সেই ফাইল বা লিংকে ক্লিক করে ফেলেন। আর এই অসতর্কতার সুযোগ নিয়েই হ্যাকাররা ম্যালওয়্যার কম্পিউটারে প্রবেশ করায় এবং দূর থেকেই ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সংবেদনশীল তথ্য সহজেই বেহাত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
এই ধরনের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অচেনা বা সন্দেহজনক কোনো ফাইল ডাউনলোড কিংবা ওপেন করা থেকে বিরত থাকতে হবে। পরিচিত কারও অ্যাকাউন্ট থেকে কোনো অস্বাভাবিক ফাইল বা লিংক আসলেও তা খোলার আগে সরাসরি ওই ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ অ্যাপ, কম্পিউটার বা ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় আপডেট রাখতে হবে। সামান্য সতর্কতা এবং যাচাইয়ের মাধ্যমেই বড় ধরনের আর্থিক ক্ষতি ও গোপনীয়তা রক্ষা করা সম্ভব।
এজেড




