সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

স্পিকারকে ‘মাই লর্ড’ বলে প্রতিমন্ত্রী পুতুলের দুঃখপ্রকাশ!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

putul
সংসদে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে নানা ধরণের ঘটনা ঘটেছে সংসদ সদস্যদের বক্তব্য চলাকালে। এর মধ্যে সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী এজেডএম ডা. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে বক্তব্য দিতে ওঠেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। 

এসময় ‘মাননীয় স্পিকার’ বলার বদলে তিনি দুইবার বলে ফেলেন ‘মাই লর্ড’! যা সাধারণত আদালতে বিচারককে বলা হয়ে থাকে।


বিজ্ঞাপন


রোববার (১৫মার্চ) সংসদে এমন ঘটনা ঘটার পর অবশ্য নিজেকে সামলে নিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বলেন, ‘ওকালতি করি, অভ্যাস বশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত।’

এর আগে জাতীয় সংসদে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে স্পিকার মন্ত্রী জাহিদ হোসেনকে খুঁজছিলেন। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। তাই তার পক্ষে বক্তব্য দেন ফারজানা শারমিন পুতুল।

তবে নবীন এই প্রতিমন্ত্রী চমৎকারভাবে একে একে সংসদ সদস্যদের মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দিয়েছেন।

সংসদে প্রথম সম্পূরক প্রশ্ন করেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। দ্বিতীয় প্রশ্ন করেন জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। এরপরে জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম আর চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতের আরেক এমপি নড়াইলে-২ এর মো. আতাউর রহমান।


বিজ্ঞাপন


এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রোববার থেকেই শুরু হয়েছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর