সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে: ডা. জুবাইদা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে: ডা. জুবাইদা

নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানে সহধর্মিণী জুবাইদা রহমান। নারীদের ক্ষমতায়ন ও কন্যাশিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার এমন উদ্যোগ নেবে বলে জানান তিনি। 
 
রোববার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে জুবাইদা রহমান এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

ডা. জুবাইদা বলেন, দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারের এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে নারী ও কন্যাশিশুরা হবে নিরাপদ, সম্মানিত ও ক্ষমতায়িত।


বিজ্ঞাপন


জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষা একটি কন্যাশিশুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একইসঙ্গে এটি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ব্যক্তিদের কর্মকাণ্ডের প্রশংসা করে জুবাইদা বলেন, সমাজের নিপীড়িত ও পিছিয়ে থাকা মানুষের জন্য তাদের অবদান প্রশংসনীয়। কন্যাশিশুদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কন্যাশিশুরাও নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরে। তারা বলে, অনেক নারী বিচার পাওয়ার আশায় আদালতে গেলেও যথাযথ সহায়তা পান না। তারা চান, নারীরা যেন ন্যায়বিচার পেয়ে মাথা উঁচু করে আদালত থেকে বের হতে পারেন, এটি নিশ্চিত করতে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর