সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: সিসি ক্যামেরা ব্যবহার করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

Election Commission
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সব ভোটকেন্দ্রে নির্বাচনের তিন দিন আগে থেকে সিসি ক্যামেরা ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
 
উপসচিব জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তিন দিন আগে থেকে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে। যে কক্ষে সিসি ক্যামেরা আছে সে কক্ষে ভোট গণনা করতে হবে এবং নির্বাচন শেষে সিসি ক্যামেরার তথ্য সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে। 
 
শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করার ফলে এ আসনের প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে মাঠে আছেন। 

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।


বিজ্ঞাপন


অন্যদিকে বগুড়া-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর