রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

‘জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

gas
শ্রীকাইল-৫ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু। ছবি: সংগৃহীত

কুমিল্লার শ্রীকাইল-৫ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন প্রায় আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


বিজ্ঞাপন


২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া কূপ খনন প্রকল্পে প্রায় ১৩২ কোটি টাকা ব্যয় হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, কূপটিতে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমদানিনির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বৈশ্বিক সংকট দেখা দিলেই তার প্রভাব পড়ছে দেশের জ্বালানি খাতে। তাই সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী অমিত বলেন, অতীতে বাপেক্সকে কার্যত দুর্বল করে রাখা হয়েছিল, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। বর্তমান সরকার বাপেক্সের সক্ষমতা বাড়াতে চায় এবং প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়।

Gas2


বিজ্ঞাপন


অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী পাঁচ বছরে দেশে গ্যাসের চাহিদা সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সেই চাহিদা নিজেদের গ্যাসক্ষেত্র থেকেই পূরণ করার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ২০২০ সালের দিকে প্রতিদিন প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হলেও বর্তমানে পাঁচটি কূপ থেকে দৈনিক প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি বিভাগের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর