রোববার, ১৫ মার্চ, ২০২৬, ঢাকা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় ১৭ সিদ্ধান্ত ইসির

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটে আইন-শৃঙ্খলা রক্ষায় ১৭ সিদ্ধান্ত ইসির

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রক্ষা করতে  অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারসহ ১৭ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা বলেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য গত বুধবার (১১ মার্চ) আমরা বৈঠক করেছি। বৈঠক আলোচনা শেষে অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারসহ ১৬ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বাস্তবায়ন করতে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বগুড়া-৬ এবং শেরপুর-৩ এ দুটি আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সমাপ্ত হবে বলে তিনি মন্তব্য করেছেন।

বৈঠক সূত্র জানায়, নির্বাচন ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বিষয়ক স্থায়ী ও কোর কমিটির পাশাপাশি ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন, ভিজিলেন্স ও অবজারভেশন, মনিটরিংসহ বিভিন্ন কমিটি গঠন করা হবে। মাঠপর্যায়ে এসব কমিটির মধ্যে সমন্বয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে আইন-শৃঙ্খলা সেল গঠন করা হবে। কোন কেন্দ্রে কতজন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে তা স্থানীয় প্রশাসন বা পুলিশ সুপার পরিপত্র অনুযায়ী নির্ধারণ করবেন। এ ছাড়া স্থানীয় চাহিদা অনুযায়ী জেলা পর্যায়ে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বডি–ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপের ব্যবহার বাড়ানো হবে। আগে একটি কেন্দ্রে একটি বডি–ওর্ন ক্যামেরা থাকলেও এবার প্রয়োজন অনুযায়ী একাধিক ক্যামেরা ব্যবহার করা হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের ওপর নির্ভর করবে।


বিজ্ঞাপন


তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। তবে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগের নির্বাচনের মতো এবারও কমান্ড, কন্ট্রোল ও কোঅর্ডিনেশনের ওপর জোর দেওয়া হবে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। একটি ভালো জাতীয় নির্বাচনের পর এই দুই আসনের নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে— এটাই সবার প্রত্যাশা। তবে কমিশন আত্মতুষ্ট নয়, বরং সতর্ক অবস্থানে রয়েছে।

ইসি সচিব আরও জানান, কেন্দ্রভিত্তিক ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও থাকবে, যাতে প্রয়োজনে ভবিষ্যতে পর্যালোচনা করা যায়। ফলাফল ব্যবস্থাপনাও আগের মতোই থাকবে। যেহেতু দুটি আসনে কেন্দ্রের সংখ্যা তুলনামূলক কম— একটিতে ১৫০টি এবং অন্যটিতে ২৮টি কেন্দ্র— তাই দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।


যে ১৭ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন—

১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৭ দিনের (নির্বাচনের আগে ৪ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে ২ দিন) জন্য মোতায়েন করতে হবে।

২. আনসার ভিডিপি ৮ দিনের (নির্বাচনের আগে ৫ দিন প্রশিক্ষণের দিনসহ, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে ২ দিন) জন্য মোতায়েন করতে হবে।

৩. প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি এবং বগুড়া-৬ আসনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। তবে স্থানীয় মূল্যায়নের ভিত্তিতে এই সংখ্যা কম/বেশি হতে পারে।

৪. প্রতিটি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ সদস্য নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতার আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুলিশ সুপারকে প্রদান করতে হবে। তবে রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যের সংখ্যা কম-বেশি করা যাবে।

৫. সকল বাহিনীর সদস্যকে নিয়ে আইন-শৃঙ্খলা সেল গঠন করতে হবে।

৬. আইন-শৃঙ্খলা সেল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে কাজ করবে।

৭. অবৈধ ও হারানো অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও পেশাদার অপরাধীকে আটক করতে হবে।

৮. আইন-শৃঙ্খলা ডিপ্লয়মেন্ট/মোতায়েন সমন্বয়ের মাধ্যমে করতে হবে ও সেনাবাহিনীর স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।

৯. হালনাগাদ তথ্য সংগ্রহে স্থানীয় সরকারের চৌকিদার, দফাদার এবং আনসার ও ভিডিপি-এর সহায়তা নেওয়া যেতে পারে।

১০. ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি করা যাবে না।

১১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় প্রকল্প পরিচালক, আইডিইএ-২ প্রকল্প এর নেতৃত্বে একটি আইনশৃঙ্খলা সেল নির্বাচন কমিশনেও ৭ দিনের জন্য গঠন করতে হবে।

১২. প্রতি ভোটকেন্দ্রে একাধিক বডি ওর্ন ক্যামেরা পুলিশ সুপারের চাহিদা অনুযায়ী প্রদান করতে হবে। এক্ষেত্রে ক্যামেরা সংখ্যা বাড়ানো হবে।

১৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এ নির্বাচনে সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে।

১৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ১৬ মার্চের মধ্যে পরিপত্র জারি করার জন্য অনুরোধ করতে হবে।

১৫. রিটার্নিং অফিসার কর্তৃক ২৪ মার্চের মধ্যে আইনশৃঙ্খলা সেলের প্রথম মিটিং সম্পন্ন করতে হবে।

১৬. সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করতে হবে।

১৭. নির্বাচনের ৩ দিন আগে থেকে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখা নিশ্চিত করতে হবে। যে কক্ষে সিসি ক্যামেরা আছে সে কক্ষে ভোট গণনা করতে হবে এবং নির্বাচন শেষে সিসি ক্যামেরার তথ্য সংরক্ষণ করতে হবে।

জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান বৈধ হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

অন্যদিকে বগুড়া-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর