শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে বজ্র ও শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে বজ্র ও শিলাবৃষ্টি
রাজধানীতে আজ সন্ধ্যার পর বজ্র ও শিলাবৃষ্টি হয়েছে। ছবি: ঢাকা মেইল

রাজধানীতে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করেই পরিবর্তন এলো আবহাওয়ায়। সন্ধ্যা ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই বেড়ে যায়। এরই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্র ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) এর আগেই জানিয়েছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় 'গোধূলি' সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিবলয়ের প্রভাবেই এ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


image

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টি দেখা গেছে। শিলার আকার যদিও খুব বড় নয়, তবুও রাস্তায় বের হওয়া লোকজনকে দ্রুত আশ্রয় নিতে দেখা যায়। গরমের দিনে হঠাৎ বৃষ্টি নামায় স্বস্তি ফিরেছে জনজীবনে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিবলয়টির প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


image

সংস্থাটি জানায়, ১৩ মার্চ সন্ধ্যা থেকে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। এর মধ্যে ১৬ মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিবলয় চলাকালে দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে এ সময়।

চৈত্র মাসের এই বৃষ্টি কৃষি খাতের জন্য বেশ উপকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিডব্লিউওটির মতে, এই বৃষ্টিতে দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণ হতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বৃষ্টিবলয়ের কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের কিছুটা ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বিডব্লিউওটি। তবে এই বৃষ্টিতে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরও তাদের পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর