দীর্ঘদিন ধরে আটকে থাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনা শুরু করছে সরকার।
শুক্রবার (১৩ মার্চ) এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক আয়োজন করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বৈঠকে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রতিনিধিরা।
সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র আরও জানায়, মূলত টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালন নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো না যাওয়ায় আগের অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। আগামীকালের আলোচনার ফলাফল শনিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, সেখান থেকেই পরবর্তী নীতিগত সিদ্ধান্ত আসবে।
২০১৭ সালে অনুমোদন পাওয়া এবং ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হওয়া তৃতীয় টার্মিনাল প্রকল্পের ব্যয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। বর্তমানে প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পর এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি।
বিজ্ঞাপন
এফএ

