শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

দায়িত্ব পালনে পুরস্কার, গাফিলতি করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব পালনে পুরস্কার, গাফিলতি করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে, এবং যারা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মিরপুরে ডিএনসিসি আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিকদের পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা আজ থেকে শপথ করবো—যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করবো। যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে, যারা দায়িত্বে অবহেলা বা গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বেও জোর দেন। তিনি বলেন, এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিকতা ও দায়িত্ববোধের উপরই নির্ভর করছে।

প্রশাসক বলেন, যারা ভোর থেকে শহর পরিচ্ছন্ন রাখা, মশক নিয়ন্ত্রণ এবং অন্যান্য জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নিরলসভাবে কাজ করছেন, তাদের সম্মান জানাতেই পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে একসাথে ইফতার আয়োজন করা হয়েছে। তিনি যোগ করেন, এই ধরনের সমন্বিত আয়োজন কর্মীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক হবে।


বিজ্ঞাপন


ইফতার ও দোয়া মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের শপথ গ্রহণ করেন।

এটি প্রশাসনের পক্ষ থেকে কর্মীদের প্রশংসা এবং নগরবাসীর জন্য আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখযোগ্য।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর