শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

সাবেক ফুটবলার ও দ্রুততম মানবই এখন জাতীয় সংসদের স্পিকার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

সাবেক ফুটবলার ও দ্রুততম মানবই এখন জাতীয় সংসদের স্পিকার 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি স্পিকার নির্বাচিত হন। এই পদে অন্য কেউ না থাকায় হাফিজ উদ্দিন সর্বসম্মতক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। 


বিজ্ঞাপন


অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আজ দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। এর আগে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপি সরকার গঠন করলে হাফিজ উদ্দিন সেখানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দীনের জন্ম ভোলার লালমোহনে। বীর মুক্তিযোদ্ধা সাবেক এই সামরিক কর্মকর্তা এক সময় খেলেছেন জাতীয় ফুটবল দলেও, ছিলেন অধিনায়কও। এমনকি টানা তিন বছর তিনি দ্রুততম মানবও হয়েছিলেন। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, তিনি ১৯৪৪ সালের ২৯ অক্টোবর ভোলার লালমোহনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডা. আজহার উদ্দিন আহমদ পাকিস্তান জাতীয় সংসদ এর সাবেক সদস্য এবং মাতা মরহুমা করিমুন নেছা বেগম গৃহিণী ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও ১৯৬৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


বিজ্ঞাপন


হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১লা ডিসেম্বর ১৯৬৬সালে পাকিস্তান আর্মিতে কমিশনপ্রাপ্ত হন এবং ১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বীর বিক্রম লাভ করেন। ৩১ই জুলাই ১৯৭১, তিনি ১ম ইস্টবেঙ্গলের কামালপুর বিওপি আক্রমণে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ আহত হন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ৩০ মার্চ যশোর ক্যান্টনমেন্টে ১ম ইস্টবেঙ্গলের তরুণ অফিসাররূপে পাকবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং আটঘন্টা ব্যাপী সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন, এক পর্যায়ে ইস্টবেঙ্গল রেজিমেন্টের দুইশত সৈনিক সহ ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসেন। তিনি যশোর-খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন এবং এপ্রিল ও মে মাসে বেনাপোল অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন। একমাত্র অফিসার হবার সুবাদে তিনি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ১ম ইস্টবেঙ্গল ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৪ ই ডিসেম্বর ১৯৭১ তারিখে ১ম ইস্টবেঙ্গল সিলেট শহর দখল করে। পাকবাহিনীর বিরুদ্ধে ১০ ঘণ্টা যুদ্ধের পর এমসি কলেজের রণাঙ্গনে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বাধীন ‘B’ কোম্পানি পাক বাহিনী কে পরাজিত করে।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসন থেকে মোট সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন (৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১৩তম সংসদ)। ১৯৯১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী রূপে জাতীয় সংসদে নির্বাচিত হন এবং ১৯৯২ সালে বিএনপিতে যোগদান করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির মন্ত্রীসভায় ১৯৯৬ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একজন খ্যাতনামা ফুটবলার ছিলেন এবং ১৯৬৭-১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের এর সদস্যরূপে ইরান, তুরস্ক ও বার্মা সফর করন। ১৯৭০ সালে তেহরানে অনুষ্ঠিত আরসিডি প্রতিযোগিতায় তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা তাঁকে বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার হিসেবে সেন্টেনারি অর্ডার অব মেরিট সম্মাননা প্রদান করে। তিনি জনপ্রিয় দল ঢাকা মোহামেডান স্পোটিং এর সদস্য হিসেবে ১২ বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে দলে অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৪-৬৬ সালে প্রাদেশিক প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে পূর্ব-পাকিস্তানের দ্রুততম মানবের পদক লাভ করেন। 

আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর