বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা শতক ছুঁল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১২:১৮ এএম

শেয়ার করুন:

Biman
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সংঘাতের জেরে সৃষ্ট আকাশপথের অস্থিরতায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট ফ্লাইট বাতিলের সংখ্যা হয়ে গেল ১০০।  

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে বন্ধ রাখা হয়েছে। ফলে বুধবার সারাদিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই রুটের দুটি আসা (অ্যারাইভাল) ও দুটি যাওয়া (ডিপারচার) মিলিয়ে মোট চারটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটও আজ উড্ডয়ন করতে পারেনি।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো। এতে বিপুলসংখ্যক প্রবাসী যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।

ফ্লাইট বাতিলের দুঃসংবাদের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রাম অভিমুখী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার (১১ মার্চ) সারাদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত আটটি অ্যারাইভাল এবং পাঁচটি ডিপারচার ফ্লাইট সচল ছিল।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর