জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর নামে ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর প্রেক্ষিতে দুদক তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে। এদিকে, সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি করে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
বুধবার (১১ মার্চ) দুপুর দুইটার দিকে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের শুরুতেই জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
সংস্থাটির দাবি, জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার এবং তার স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদ খুঁজে পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ের জন্য তাদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: দুদকের মামলায়ও আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই
এদিকে সমাজসেবা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ভুয়া পদ সৃষ্টি ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বিজ্ঞাপন
তাছাড়া, কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের প্রায় চার কোটি টাকা আত্মসাৎ এবং নয় কোটি টাকার আর্থিক অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে।
এআর

