মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
বিজ্ঞাপন

সরকারি এই আদেশের কপি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
আরও পড়ুন: পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত- এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
এমআই

