সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

প্রায় ১৯ হাজার প্রবাসী পেলেন এনআইডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

প্রায় ১৯ হাজার প্রবাসী পেলেন এনআইডি
নির্বাচন ভবন ও এনআইডির প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটাধিকার ও এনআইডি সেবা নিশ্চিত করতে প্রবাসেই ভোটার নিবন্ধন ও এনআইডি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইতোমধ্যে ১৪ টি দেশের প্রায় ১৯ হাজার বাংলাদেশি প্রবাসীদের ভোটার নিবন্ধনের সকল কার্যক্রম শেষে এনআইডি তুলে দিচ্ছে সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। এতে গত ৩ মার্চ পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১৪ টি দেশে মোট ভোটার হয়েছেন ১৮ হাজার ৮৬৫ জন। যাদের সবাইকে এনআইডি স্মার্ট কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে ১৮ হাজার ৮৫৩ টি এনআইডি বিতরণ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেষ্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুলালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরেন্টো; জাপানের টোকিও; আমেরিকার নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লসঅ্যাঞ্জেলস; মালদ্বীপের মালে; ওমানের মাস্টক; দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া- মোট ১৪টি দেশের ২৪ টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রমে চলছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন আবেদন করেছেন। তদন্তের পর আবেদন বাতিল হয়েছে ১৮ হাজার ৪৫৪ জনের আবেদন। আবেদন তদন্তের পর কমিশন অনুমোদন করেছে ৩৯ হাজার ৭ জনকে। তদন্তাধীন রয়েছে ৩ হাজার ৬৬ জনের আবেদন।


বিজ্ঞাপন


আবেদন অনুমোদনের পর এনআইডি প্রিন্ট হয়েছে ১৮ হাজার ৮৬৫টি। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি। প্রিন্ট করার উপযোগী অবস্থায় রয়েছে ৫ হাজার ৩৯৮ জনের এনআইডি।

সবচেয়ে আবেদন এসেছে আমিরাত থেকে ২৩ হাজার ৭৬টি। এনআইডি প্রিন্ট হয়েছে ৯ হাজার ১০টি। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য। এই দেশ থেকে আবেদন পড়েছে ১৫ হাজার ৩৪৯ টি। তদন্তের পর এনআইডি প্রিন্ট ও দূতাবাসের পাঠানো হয়েছে ৪ হাজার ২৪৪টি। সবচেয়ে কম আবেদন পড়েছে দক্ষিণ আফ্রিকায় ১১৫টি। কোনো এনআইডি এখনো প্রিন্ট হয়নি।

প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ক আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) যা উল্লেখ করা হয়েছে- 

(১) ভোটারযোগ্য (১৮ বা তদূর্ধ্ব বয়সী) প্রবাসী বাংলাদেশি নাগরিক যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা অবস্থানরত/বসবাসরত দেশে থেকেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন;


(২) এছাড়া বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের ন্যায় প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ১৬ থেকে ১৭ বছর বয়সে নিবন্ধনের সুযোগ প্রদান করা যাবে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের যে সকল দলিলাদি প্রয়োজন-২

অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম-২ (ক)

> নির্বাচন কমিশন কর্তৃক 'বিশেষ এলাকা' হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬ টি উপজেলা/থানা এর জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত 'বিশেষ তথ্য ফরম' (বিশেষ এলাকার ভোটারদের জন্য জারীকৃত পরিপত্রে উল্লিখিত ক্যাটাগরির আবেদনকারীদের জন্য)।

> মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/যে মিশন অফিসে নিবন্ধন করা হবে সে দেশের বিদেশি পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিন জন বাংলাদেশি এনআইডিধারী ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে (নির্ধারিত ফরমে) প্রত্যয়নপত্র।

> বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড)

> পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি

> আবেদনকারীর পিতা মাতার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/ বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি। দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

> শিক্ষা সনদের কপি (এসএসসি/জেএসসি/ পিইসি) (যদি থাকে)

> ড্রাইভিং লাইসেন্স/টি, আই.এন (প্রযোজ্য ক্ষেত্রে)

> নিকাহনামা এবং স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)

> আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক)

> সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ

এসওপিতে আরও বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার (রেজিস্ট্রেশন অফিসার) কর্তৃক আবশ্যিকভাবে সরেজমিন তদন্ত করা হবে। তারকা চিহ্নিত দলিলাদি আবশ্যিকভাবে প্রদান করতে হবে। কোনো দলিল/দলিলাদি জমা প্রদান করা সম্ভব না হলে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সেই দলিল/দলিলাদি উপজেলা/থানা নির্বাচন অফিসার (রেজিস্ট্রেশন অফিসার)/ তদন্তকারী কর্মকর্তা এর নিকট জমা প্রদান করতে হবে। অন্যান্য দলিলাদিও একই প্রক্রিয়ায় জমা প্রদান করা যাবে।

এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর